সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ফাইল ছবি
সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ০২:৪৫
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে জাফর আলী (৩৭) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি হলেন উল্লাপাড়া উপজেলার আগ মোহনপুর গ্রামের আজিবর রহমানের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালে বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়ি গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে হাসি খাতুনের (২৫) সঙ্গে জাফর আলীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাফর আলী যৌতুকের জন্য হাসি খাতুনকে নানাভাবে নির্যাতন করতেন। এর ধারাবাহিকতায় ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর রাতে জাফর আলী হাসি খাতুনকে নিজ বাড়িতে গলা টিপে হত্যা করেন।
এ ঘটনায় হাসি খাতুনের বড় ভাই জাকারিয়া হোসেন বাদী হয়ে ঘটনার পরদিন জাফর আলীসহ ৫ জনকে আসামি করে বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এই রায় দেন। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের সরকারী উকিল আব্দুল হামিদ লাভলু ঘটনা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- মৃত্যুদণ্ড
- স্ত্রী হত্যা
