চরফ্যাসনে স্বামীকে খুঁজতে এসে 'গণধর্ষণের শিকার' নারী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০ | ১৩:০১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ | ১৩:০৩
ভোলার চরফ্যাসনে স্বামীকে খুঁজতে এসে এক নারী গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই নারী তিনজনকে আসামি করে চরফ্যাসন থানায় মামলা করেছেন। এদিকে, মৌলভীবাজার জেলা শহরের স্টেডিয়াম এলাকার নির্জন স্থানে কলেজছাত্রী ও তার বান্ধবী গণধর্ষণের শিকার হয়েছে। কলেজ থেকে ফেরার পথে তাদের ওই স্থানে তুলে নিয়ে যায় চার বখাটে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটলেও রাতে জানাজানি হয়। গণধর্ষণের ঘটনায় বখাটেদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বুধবার মৌলভীবাজার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী বাহাউদ্দীনের আদালতের খাসকামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জড়িত অপর বখাটেকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এ ছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় এক পুলিশ সদস্য, গৌরনদীতে কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং সিরাজগঞ্জের কামারখন্দে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিস্তারিত অফিস, নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবরে-
চরফ্যাসন (ভোলা): ঢাকা থেকে চরফ্যাসনে স্বামীকে খুঁজতে এসে গণধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে তিনজনকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন গৃহবধূ। পুলিশ দু'জনকে গ্রেপ্তার করে বুধবার চরফ্যাসন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। তারা হলো চরফ্যাসন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিন মিস্ত্রির ছেলে নয়ন ও একই ওয়ার্ডের আনছল হক মাঝির ছেলে মনির। অপর অভিযুক্ত একই ওয়ার্ডের রাসেল পলাতক। তারা তিনজনই রিকশাচালক। মঙ্গলবার সকালে ওই ওয়ার্ডের পরিত্যক্ত বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
মৌলভীবাজার: সরকারি মহিলা কলেজের এক ছাত্রী ও তার বান্ধবী গত মঙ্গলবার ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন। পথ থেকে চার বখাটে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে স্টেডিয়াম এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাদের ধর্ষণ করা হয়। ওই দিন সন্ধ্যায় ধর্ষণের শিকার এক তরুণী থানায় মামলা করেন। ছাত্রী ও তার বান্ধবীকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো উত্তর জগন্নাথপুর গ্রামের মুন্না, হুমায়ূন আহম্মদ ও আকাশ মিয়া। বুধবার তাদের আদালতে পাঠানো হয়। ধর্ষণের শিকার দুই মেয়ের বাড়ি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের একটি গ্রামে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): সম্প্রতি এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ডিএমপির পশ্চিম জোন মিরপুর অঞ্চলে কর্মরত পুলিশ কনস্টেবল আশিক মাহমুদ পুষ্প। পরে নানা প্রলোভনে ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া এই পুলিশ সদস্যকে বুধবার আদালতে সোপর্দ করা হয়। আশিক উপজেলার রাজীবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গত ১৫ ডিসেম্বর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন ওই ছাত্রী।
গৌরনদী (বরিশাল): প্রতিবেশী কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে উজিরপুরের বখাটে হৃদয় হাওলাদারের বিরুদ্ধে। এর প্রতিবাদ করায় ওই বখাটে বুধবার মেয়েটির নানাকে পিটিয়ে আহত করেছে। হৃদয় উপজেলার বামরাইল ইউনিয়নের মামুন হাওলাদারের ছেলে।
সিরাজগঞ্জ: ঝাঐল ইউনিয়নের কামারখন্দের একটি গ্রামে চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী ভ্যানচালক ইনু মিয়াকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বিচার না পেয়ে শিশুটির মা মঙ্গলবার রাতে থানায় মামলা করেন।
- বিষয় :
- ধর্ষণ
