সাফল্য ব্যর্থতায় নারীর ২০২৫
সমতা ও ন্যায্যতার দাবিতে সমাবেশ
গত ১৬ মে সমতা ও ন্যায্যতার দাবিতে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচির কিছু মুহূর্ত ছবি:: মাহবুব হোসেন নবীন
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৭ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ | ১৭:৩৭
| প্রিন্ট সংস্করণ
পৃথিবীর যে কোনো ইতিহাস রচনার ক্ষেত্রে নারীর ভূমিকা অসামান্য। বাংলার ইতিহাস এর বাইরে নয়। চব্বিশের অভূতপূর্ব জুলাই গণঅভ্যুত্থানেও নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল; যেখানে নারীরা ঢাল হয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে, মিছিলের সামনে দাঁড়িয়ে আন্দোলনের প্রধান শক্তির ভূমিকা পালন করেছেন, শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। নির্মম সত্য হলো– আন্দোলন-সংগ্রামে নারীর মুখ প্রথম সারিতে থাকলেও পরবর্তী সময়ে তাদের অবদান স্বীকারের ক্ষেত্রে থাকে কাপর্ণ্য। জুলাই গণঅভ্যুত্থান তারই এক উদাহরণ। পরিবর্তিত পরিস্থিতিতে নারীবিদ্বেষী বক্তব্য এসেছে বিভিন্ন পক্ষ থেকে। এর বিপরীতে ন্যায্যতা-সমতার দাবিতে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি নেন সমাজের সচেতন নারীর একাংশ। তাদের আহ্বানে সব শ্রেণিপেশার মানুষ ১৬ মে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হন।
সংসদ ভবন পেছনে রেখে সুন্দর সাজসজ্জাময় একটি মঞ্চ তৈরি করা হয়। যেখানে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। বিদ্রোহে ফেটে পড়ে তাদের কথার স্বর, গান-নাটক এবং কথার ধ্বনিতে মুক্তির সুর। তাদের দাবিতে স্পষ্ট হয় ইনকিলাব-আজাদির কথা। সেখানে ফিলিস্তিন, কাশ্মীর থেকে বাংলাদেশের পাহাড়-সমতলের নারীর প্রতি সমর্থন জানানো হয় এই মঞ্চ থেকে।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়। এই কমিশন নারীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৪৩৩টি সুপারিশ পেশ করে। অন্য সব কমিশনের মতো এ কমিশনের সুপারিশেও ছিল আলোচনা-সমালোচনার উপাদান। দেখা যায়, এ কমিশনের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকে বিভিন্ন গোষ্ঠীর লোকজন নানাভাবে নারীর প্রতি সহিংস মনোভাবের প্রকাশ ঘটায়। কমিশনের প্রতিবেদন নিয়ে সমালোচনার নামে নারীবিদ্বেষী অবস্থান ছিল সুস্পষ্ট। এর বিপরীতে বিভিন্ন ফোরামে নারীরা আলোচনা করেন নিজেদের মধ্যে। যে তরুণ সমাজ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল; সেই তরুণ সমাজের নারী প্রতিনিধিরাই এই নারী সমাবেশের ডাক দেন। তবে এই কমিশনের প্রতিবেদন মূল বিষয় ছিল না। এখানে শত শত বছর এ অঞ্চলের নারীর দুর্ভোগ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে নারীমুক্তির চেতনাও রয়েছে বিদ্যমান। এটিই এই আয়োজনের মূল বলে উল্লেখ করেছেন আয়োজকরা।
এ নারী সমাবেশের ঘোষণাপত্রে বলা হয়, এ আয়োজনে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজন, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শিল্পী, গার্মেন্টস শ্রমিক, চা-বাগানের শ্রমিক, যৌনকর্মী, প্রতিবন্ধী অধিকারকর্মী, হিজড়া, লিঙ্গীয় বৈচিত্র্যময় ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের মানুষ, তরুণ-তরুণী, শিক্ষার্থী, আদিবাসী, অবাঙালি এবং আরও অনেকে–যারাই এ বাংলাদেশের প্রতিনিধি, তাদের অধিকার আদায় না হলে মানবিক, সাম্য, স্বাধীনতা, ন্যায়বিচার, বৈচিত্র্যময়তা ও সহনশীলতার বাংলাদেশ হবে না। এ কর্মসূচির দাবিও জুলাই গণঅভ্যুত্থানের মতোই–একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের, যেখানে সব মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হবে বৈষম্যবিরোধিতা ও সাম্যের যৌথ মূল্যবোধের ওপর। সমতা ও ন্যায্যতার পথে হাঁটবে আগামীর বাংলাদেশ।
- বিষয় :
- নারী সমাবেশ
- নারী
