ভাঙ্গায় নববধূর রহস্যজনক মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ০০:১০
ভাঙ্গায় বিয়ের বিশ দিনের মাথায় বিষ পানে হেলেনা বেগম (১৮) নামের এক নববধূর রহসজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাবলী গঙ্গাধরদী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি একই গ্রামের মোঃ হেলাল উদ্দিন সরদারের মেয়ে এবং রিয়াজ তালুকদারের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ দিন আগে হেলেনার সঙ্গে একই গ্রামের রিয়াজ তালুকদারের পারিবারিকভাবে বিয়ে হয়। সম্প্রতি বরকে নিয়ে বাবার বাড়ীতে বেড়াতে আসেন হেলেনা। সোমবার সন্ধ্যার পরে ওই দম্পতি একই ঘরে ঘুমাতে গেলে হেলেনা পেটে তীব্র ব্যথা অনুভব করেন। এরপরই তিনি বিষপানে আত্মহত্যা করেন। নিহতের পরিবার জানায়, আগে থেকে হেলেনা পেট ব্যথা সমস্যায় ভূগছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম সমকালকে বলেন, পারিবারিক কলহের জেরে হেলেনা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
